
লোহাগাড়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ
মোঃ আলমগীর হোসেন রানা।
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টায় উপজেলার আধুনগর খাঁনহাট স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের হাতে এসব পুনর্বাসন সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপির মনোনীত সংসদীয় প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন আখন্দ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল্লাহ এবং চুনতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ শহিদুল্লাহসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে শত শত পরিবার ঘরবাড়ি, কৃষিজমি, ফসল, গবাদিপশু, হাঁস-মুরগি ও মৎস্য খামারের ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক পরিবার এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে পুনর্বাসন কার্যক্রম চলমান থাকবে। যেসব পরিবার ঘরবাড়ি ও জীবিকার উৎস হারিয়েছে, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে। তিনি বলেন, দুর্যোগের সময় জনগণের পাশে থাকাই বিএনপির রাজনীতির অন্যতম অঙ্গীকার। তিনি বন্যার্ত মানুষের পাশে থেকে মানবিক সেবামূলক কার্যক্রম আরও জোরদার করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করলে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও ঢেউটিন তুলে দেন। এ সময় উপকারভোগীরা এই সহায়তা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
![]()


