
বান্দরবানের লামায় আনসার ভিডিপি মহা পরিচালকের দেওয়া ঈদ উপহার বিতরণ
মোঃ আলমগীর হোসেন রানা,ভারপ্রাপ্ত সম্পাদক,দর্পণ বাংলা নিউজ২৪
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় আনসার ভিডিপি মহা পরিচালকের দেওয়া ঈদ উপহার সামগ্রী সকল ভাতা ভোগী সদস্য-সদস্যাদের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল ১২/০৩/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে বাহিনীর মহা পরিচালকের দেওয়া ঈদ উপহার সামগ্রী উপজেলার সকল ভাতাভোগী হিল ভিডিপি সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা দলনেত্রী এবং আনসার কমান্ডারদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা খাতুন এবং উপজেলা প্রশিক্ষক বাসুরাম দে এর নেতৃত্বে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মঈন উদ্দিন।
হিল ভিডিপি সদস্য-২৬৮ জন, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা দলনেত্রী-৩০ জন এবং আনসার কমান্ডার – ১৫ জন মিলে সর্বমোট — ৩১৩ জনের মধ্যে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ঈদের অনেক পূর্বে মহা পরিচালকের দেওয়া ঈদ উপহার পেয়ে সকল সদস্য- সদস্যা খুবই খুশি। তারা বলেন – বর্তমান মহা পরিচালক মহোদয় দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা প্রত্যেক ঈদে ঈদ উপহার সামগ্রী পেয়ে আসছি। আমরা মহা পরিচালক মহোদয়ের জন্য দোয়া করি, মহান আল্লাহ উনাকে সুস্থ, শান্তিপূর্ণ হায়াত দান করুন এবং আরো ভালো কাজ করার তৌফিক দিন।
হিল ভিডিপি সদস্য গণ বলেন – আমরা পার্বত্য অঞ্চলে রাত জেগে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সাথে অনেক কষ্ট করে দায়িত্ব পালন করি, কিন্তু আমাদের প্রদেয় ভাতার পরিমাণ অতি নগন্য। এই দুর্মূল্যের বাজারে এই টাকায় আমাদের কিছুই হয়না। আমরা মানবেতর জীবন যাপন করি। মহা পরিচালক মহোদয় দয়া করে আমাদের মানসম্মত বেতনের ব্যবস্থা করলে আমরা খুবই উপকৃত হব এবং মহাপরিচালক মহোদয়ের প্রতি চির কৃতজ্ঞ থাকব।
পরিশেষে প্রধান অতিথি, উপজেলা কর্মকর্তা এবং উপজেলা প্রশিক্ষক সকল সদস্যদের প্রতি বাহিনীর মহা পরিচালকের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এবং তাদের সকল দাবি মহা পরিচালকের নিকট প্রেরণের আশ্বাস প্রদান করে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
![]()


