লোহাগাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, সেবা পেলেন ৮ শতাধিক মানুষ
লোহাগড়া প্রতিনিধি।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর সুফি মিয়াজী পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধুনগর গুল-এজার বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৮ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।
লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ক্যাম্পে ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
আয়োজকদের পক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ড. মাওলানা হেলাল উদ্দিন নেমান জানান, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
চিকিৎসক ডা. মাহমুদুর রহমান বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্যাম্প পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা জাফর সাদেক,আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদের,আধুনগর গুল-এজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা মো. আবদুল করিম বলেন, বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পেয়ে খুব উপকৃত হয়েছি। গ্রামের মানুষের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।
অপর রোগী রওশন আরা বেগম বলেন, বাড়ির কাছেই ভালো চিকিৎসা পাওয়ার সুযোগ হয়েছে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান: মো: সোহেল রানা
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন রানা
দর্পণ বাংলা নিউজ ২৪.কম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।