লামায় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লামা (বান্দরবান) প্রতিনিধি।
সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা জনপ্রিয় জাতীয় দৈনিক দৈনিক সংগ্রাম-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লামায় এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি ২০২৬) লামা বাজারস্থ কুটুমবাড়ির ২য় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেদুল হক রাসেদ, সহকারী তথ্য অফিসার, তথ্য অফিস, লামা এবং জনাব আব্দুল হামিদ, উপজেলা নির্বাচন অফিসার, লামা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি লেখনীর মাধ্যমে নিজ নিজ এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার অনুরোধ করেন।
অনুষ্ঠানে “টেন-মিনিট ব্রিফিং”-এর আওতায় সহকারী তথ্য অফিসার নির্বাচনকেন্দ্রিক যেকোনো গুজব, অপপ্রচার ও অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় আরও বক্তব্য রাখেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন, লামা উপজেলা জামায়াত আমির কাজি মো:ইব্রাহিম, অধ্যাপক মো:ফারুক, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ তৈয়ব আলী, লামা সাংবাদিক ফোরামের সহসভাপতি ও তৃতীয় মাত্রা পত্রিকার উপজেলা প্রতিনিধি উজ্জ্বল বড়ুয়া, গাজী টিভির প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতায় দৈনিক সংগ্রাম তার গৌরবময় পথচলা অব্যাহত রেখেছে—এমন মন্তব্য করেন বক্তারা।
অনুষ্ঠানে সিনিয়র গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত, যেখানে দৈনিক সংগ্রামের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আয়োজনে: মোহাম্মদ শাহনেওয়াজ
লামা উপজেলা প্রতিনিধি, দৈনিক সংগ্রাম।
চেয়ারম্যান: মো: সোহেল রানা
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন রানা
দর্পণ বাংলা নিউজ ২৪.কম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।