
ইনকিলাব মঞ্চে হামলার ঘটনায় আমজনগণ পার্টির নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দের ওপর যমুনা এলাকায় হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আমজনগণ পার্টি। দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিম এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের গুলির ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে অতিরিক্ত বল প্রয়োগ হয়নি এবং পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ঘটনাস্থলের বিভিন্ন অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এ দাবি নিয়ে প্রশ্ন তুলছে।
ফাতিমা তাসনিম প্রশ্ন তোলেন, একজন ব্যক্তি পড়ে যাওয়ার পর তাকে কয়েকজন সদস্য মিলে বুট দিয়ে লাথি মারা আইনসিদ্ধ কি না। এছাড়া রাবার বুলেট ব্যবহারের মতো পরিস্থিতি আদৌ সৃষ্টি হয়েছিল কি না, সে বিষয়েও তিনি ব্যাখ্যা দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনাকে ঘিরে কিছু বক্তব্য ও আচরণ পেশাদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মনে হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি দাবি করেন তিনি।
আমজনগণ পার্টির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
![]()

