
অবৈধ বালু ও মাটি উত্তোলনে কোন ছাড় নেইঃ নব নির্বাচিত এমপি শাহজাহান চৌধুরী
(লোহাগাড়া–সাতকানিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে সম্প্রীতির লোহাগাড়া–সাতকানিয়া গড়ে তুলতে চান তিনি। নিজেকে কোনো নির্দিষ্ট দলের নয়, বরং এলাকার সকল মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই।
তিনি বলেন, আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। কাউকে প্রতিপক্ষ মনে করে নয়। আমি মনে করি,
লোহাগাড়া–সাতকানিয়া একটি পরিবার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে লোহাগাড়া উপজেলা সদরের গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টে লোহাগাড়া–সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সকলের দোয়া ও অকুণ্ঠ সমর্থনে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে সুন্দর একটি পরিবার সাজাতে চাই।
নবনির্বাচিত সংসদ সদস্য আরও বলেন, লোহাগাড়া–সাতকানিয়াকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতিও দেন তিনি। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহলকে এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
অবৈধ বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পরিবেশ বিধ্বংসী এসব কর্মকাণ্ডের সঙ্গে যে দলেরই লোক জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে তার অবস্থান ‘জিরো টলারেন্স’ বলেও স্পষ্ট করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যানজটে অতিষ্ঠ লোহাগাড়াবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত বাস টার্মিনাল নির্মাণ, বাইপাস সড়ক এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা হবে। পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি কয়েকটি বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় প্রশাসন এবং ভোটারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমির আসাদুল্লাহ ইসলাসাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মোঃ হাসান, কলাউজানের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ইদ্রিস, লোহাগাড়া শহর পরিচালনা কমিটির আহবায়ক, আমিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান কাজি নুরুল আলম চৌধুরী,লোহাগাড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান চৌধুরী মো. ছালেহসহ লোহাগাড়া ও সাতকানিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
![]()


